দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে দুর্নীতির গন্ধ

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ওসমান গনি এবং সহকারী উপ-পরিচালক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজশাহী থেকে দিনাজপুরে দায়িত্বে যোগদানের পর থেকেই তারা বেপরোয়া ভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

অভিযোগে উঠেছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে ভুয়া ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাত করা হচ্ছে। উদাহরণস্বরূপ, কোনো কাজ ৫ হাজার টাকায় সম্পন্ন হলেও তা কাগজপত্রে ১৫-২০ হাজার টাকা দেখানো হয়। এছাড়া শ্রমিক সংগঠন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঘুষ ছাড়া ফাইল গ্রহণ করা হয় না। অভিযোগকারীদের দাবি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলেও মোটা অংকের টাকা’ না দিলে রেজিস্ট্রেশন মঞ্জুর করা হয় না, কিন্তু ঘুষ দিলে তাৎক্ষণিকভাবে অনুমোদন দেওয়া হয়।

বার্ষিক রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও একই ধরণের হয়রানি করা হয়। সঠিক রিপোর্ট জমা দেওয়ার পরও কর্মকর্তারা নানা অজুহাতে তা গ্রহণে বিলম্ব করেন। সেলামি দিলে মুহূর্তেই সই হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে শ্রমিক মালিকের কাছে শ্রম বিক্রি করে কষ্টে সংসার চালায়, তার ঘামের টাকাও ঘুষ হিসেবে নিতে দ্বিধা করেন না এসব কর্মকর্তা। শ্রমিক সংগঠনগুলো সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। এ বিষয়ে ওসমান গনি ও হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights