দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে “ঈশানে প্রদীপ” মঞ্চস্থ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে
শামীম শওকত লাভলীর রচনা ও নির্দেশনায় “ঈশানে প্রদীপ” নাটকটি মঙ্গলবার রাতে মঞ্চস্থ
হয়েছে। গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে শহীদ মুনীর চৌধুরীর স্মরণে জাতীয় নাট্যোৎসবকে
সামনে রেখে ১৫ দিনের নাট্য প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এ নাটকটি মঞ্চস্থ
হয়। দিনাজপুরের নাট্যপ্রেমী দর্শকদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হিসেবে
উপস্থিত সবার মন জয় করেছে।
“ঈশানে প্রদীপ” নাটকটি সমাজের যান্ত্রিক জীবন ও বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরে।
নাটকের কাহিনিতে দেখা যায়, বিরামহীন ছুটে চলার এ সময়ে কেউ নিজের যোগ্যতায়
এগিয়ে যাচ্ছে, আবার কেউ সুযোগের অপব্যবহার করে অন্যদের পেছনে ফেলছে। এতে সমাজে
বৈষম্যের সৃষ্টি হচ্ছে, যা কেউ কেউ মেনে নিতে পারে না এবং প্রতিবাদে সোচ্চার হয়।
নাটকের শেষাংশে ন্যায় প্রতিষ্ঠার আশা ব্যক্ত করা হয়েছে।
নাটকে অভিনয় করেছেন রিতা হেম্ব্রম, শ্যামলী মুমুর, শাহীন আলম, সামিউল আদনাল সায়ন,
কোরাইশা আক্তার স্মৃতি, টংক নাথ অধিকারী, মোঃ রাশেদুজ্জামান রনি, মোঃ সাইফুল
ইসলাম, পূর্বা কুন্ডু, মেঘা ঘোষ, উদয়, তাতসিয়া তানজিনা, জয়ন্ত রায়, সাজ্জাদ হোসেন ও
প্রিয়ন্ত চন্দ্র সরকার। নাটকের সহকারী নির্দেশনা, সেট এবং লাইট ডিজাইনের দায়িত্বে
ছিলেন তাজউদ্দিন তাজু। কস্টিউম, প্রপস, মিউজিক এবং মেকাপে ছিলেন পরিমল কুমার
মজুমদার।
নাটকটি শেষে দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যেমন সাবেক কালচারাল
অফিসার মীন আরা পারভীন ডালিয়া, জলিল আহমেদ, আব্দুল কুদ্দুস তরিত, ড. আশিকা আকবর
তৃষা, তারিকুজ্জামান তারেক এবং প্রভাষক হারুন-উর-রশিদ প্রশংসা করেন। তাদের মতে,
প্রশিক্ষণের স্বল্প সময়েও প্রশিক্ষণার্থীরা যে মানসম্পন্ন নাটক পরিবেশন করেছেন, তা
দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
প্রশিক্ষণার্থী মেঘা ঘোষ জানান, “নির্দেশক শামীমা শওকত লাভলীর কঠোর পরিশ্রমের ফলেই
আমরা এমন একটি সুন্দর নাটক উপহার দিতে পেরেছি।”
আগামী ১৬ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় পর্যায়ে “ঈশানে প্রদীপ” নাটকটি পুনরায় মঞ্চস্থ
হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights