দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতের দাবি এনবিআরে অভিযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কেন্দ্র করে অনিয়ম, পক্ষপাতিত্ব ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। নির্বাচন স্থগিত অথবা কর কমিশনারের কার্যালয় থেকে সরিয়ে অন্য কোনো স্থানে আয়োজনের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দিনাজপুর কর অঞ্চলের কর কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বুধবার ২২ জুলাই সংগঠনটির সদস্য শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এসব তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই (শনিবার) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর কমিশনারের কার্যালয়ে দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ এবং একই দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে অভিযোগ উঠেছে, ভোটার তালিকা থেকে বিনা কারণে ৩২ জন সদস্যকে বাদ দেওয়া হয়েছে যেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন।
এছাড়া সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী কমিটির পদপ্রার্থীসহ মোট ৪ জনের মনোনয়নপত্র কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাতিল করা হয়েছে বলে স্মারকলিপিতে জানানো হয়।
নির্বাচনের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হলে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে তালা দিয়ে অপর পক্ষ চলে যায় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশনারের পক্ষপাতমূলক আচরণ ও একটি নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করার কারণে নির্বাচনকে ঘিরে চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
নির্বাচনের দিন সাপ্তাহিক ছুটির দিনে কর কার্যালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও নথি নষ্ট বা গায়েব করার ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে করদাতারা সার্টিফাইড কপি বা রিসিভ কপি পেতে সমস্যায় পড়ছেন, যার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডিমান্ড নোটিশের ফাইল নিখোঁজের আলামত পাওয়া যাচ্ছে। নিজস্ব নিরাপত্তা প্রহরী না থাকা একটি অফিসে ছুটির দিনে নির্বাচন আয়োজন করায় সরকারি নথিপত্রের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সরকারি নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২৫ জুলাইয়ের নির্বাচন অবিলম্বে স্থগিত করা অথবা কর কার্যালয় থেকে সরিয়ে অন্য নিরপেক্ষ কোনো স্থানে আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর উপ কর কমিশনার (ডিসিটি) অমলেন্দু কোচ জানান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কর কমিশনার (দিনাজপুর অঞ্চল) কর্মকর্তা হাফিজ আল আসাদ বিস্তারিত বলতে পারবেন। তবে উক্ত বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য কর কমিশনার কর্মকর্তা হাফিজ আল আসাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights