দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সেক্টরের অধীন দুই সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে হাকিমপুরের ঘাসুড়িয়া ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক এ ঘটনা ঘটে।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ তাদের সরিয়ে নেয়।

তিনি বলেন, ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শন করেছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিতে না পারে।

অন্যদিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, একই সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু ছিলেন। বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights