দিল্লির কালকাজী ডিডিএ ফ্ল্যাটস এর বাঙালিদের বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

দিল্লিতে কালকাজী ডিডিএ ফ্ল্যাটস-এর বাঙালিদের প্রতিষ্ঠান শিব মন্দির সোসাইটির উদ্যোগে এল-২ ব্লকের দুর্গাপূজা ময়দানে সাড়ম্বরে পালিত হয়েছে বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় দিল্লিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অগ্নিভ ঘোষ, চিত্তরঞ্জন পার্ক কালীমন্দির সোসাইটির সভাপতি ডাক্তার শীর্ষেন্দু মুখার্জি ও স্থানীয় অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। সঞ্চালিকা বলেন, ডিডিএ ফ্ল্যাটস কালকাজীর বাঙালিদের সাথে বাংলাদেশ হাইকমিশনের একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

মঞ্চে স্থানীয় শিল্পীদের ‘এস হে বৈশাখ…’ গান পরিবেশনের সাথে শাবান মাহমুদ এবং অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির কেন্দ্রীয় সভাপতি শ্রী প্রশান্ত কুমার পাত্র।
এসময় শাবান মাহমুদ তার বক্তব্যে বিশ্ব শান্তির জন্য ভারত ও বাংলাদেশের মিলিত প্রচেষ্টার কথা, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন ।

এদিন বর্ষবরণের এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলা সারেগামাপা’র ২০১৫ সালের শ্রেষ্ঠ গায়ক সৌম্য চক্রবর্তীর গান।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অগ্নিভ ঘোষও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলা থেকে ১৫০০ কিমি দূরে অবাঙালি পরিবেশে থেকেও কালকাজী ডিডিএ ফ্ল্যাটস এর বাঙালিরা যেভাবে বাংলা ভাষা সংস্কৃতিকে ধরে রেখেছে তা খুবই প্রশংসনীয় এবং আনন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights