দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা মামলার পাঁচ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম। পরে তিনি প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত। এ দিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আসামিরা হলেন, মির্জা আব্দুল লতিফ, কুরবান আলী, মাহিন ওরফে মাহিম, মোজাম্মেল হক কবির ও মো. বাধন।

জানা গেছে, তিনজন মালিকের জমি নিয়ে ভবন নির্মাণ করে একটি ডেভেলপার কোম্পানি। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রতি জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, কিন্তু দীপ্ত টিভির কর্মকর্তা তামিমকে দু’টি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক।

গত ১০ অক্টোবর বাকি দু’টি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তামিম এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights