দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় আজ থেকে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হবে পাঠদান।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি ও সংশ্লিষ্ট অধিদফতরগুলোর তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটি শেষে ক্লাস শুরুর নোটিশ প্রকাশ করেছে।

ছুটির সূচনা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। এরপর রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে একের পর এক ছুটিতে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

প্রাথমিক বিদ্যালয়গুলো সোমবার (৭ এপ্রিল) খোলার কথা থাকলেও, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে আজ (মঙ্গলবার) থেকে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও প্রায় একই সময় থেকে ছুটিতে ছিল। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। এ পর্যায়ের ছুটির মেয়াদও প্রায় ৪০ দিন।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস মিলিয়ে টানা ৪২ দিনের ছুটি শেষে সেগুলোতেও আজ থেকেই ক্লাস শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights