দীর্ঘ সময়ের পর নতুন আহ্বায়ক কমিটি পেল SIWAB
জামালপুর প্রতিনিধি : রিপন রাজ
দীর্ঘ সময়ের পর স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (SIWAB)-এ নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মহাখালীর আইএইচটি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল। সভার শুরুতে তিনি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়, তেলাওয়াত করেন মো. মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব)-এর উপদেষ্টা মো. নাসির উদ্দিন রতন। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন আহসান হাবিব জিলানী জুয়েল, সৈয়দ এনামুল হক (সাইফুল), মানিকুজ্জামান মানিক, জালাল উদ্দিন, আব্দুল করিম মিয়া, আঃ হালিম, নিজাম উদ্দিন, মাহমুদ রেজা এবং সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রায় ১০ বছর পর পূর্বের কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে দ্রুত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
এছাড়া, ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব জিলানী জুয়েল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ এনামুল হক (সাইফুল) ও মানিকুজ্জামান মানিক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জালাল উদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আব্দুল করিম, মো. মনির হোসেন, আঃ হালিম, মো. নিজাম উদ্দিন, মো. মাহমুদ রেজা, মো. সাইফুল ইসলাম (নরসিংদী) এবং মো. সাইফুল ইসলাম (সিলেট)।
সভা শেষে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
