দুইটি বগি রেখে সাগরদাঁড়ি এক্সপ্রেস চলে গেল খুলনায়

অনলাইন ডেস্ক
চলন্ত অবস্থায় দুইটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় বগি দু’টি খুলে যায় মূল ট্রেন থেকে। এরপরে গড়তে গড়তে চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে ওই বগিগুলোতে (এমটি বগি) কোন যাত্রী ছিল না।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপরে হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দু’টি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।

তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে থেমে আছে। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায় ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে আসছিল। হরিয়ান স্টেশনে আসার পরে একদম থেমে গেছে।

রবিন নামের আরেক যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনকে হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। আমাদের তো কাজ আছে জয়পুরহাটে গিয়ে। সেখানে কোচিংয়ে ক্লাস নিতে হবে সকাল ১০ টায়। নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারলে শিক্ষার্থীরা বসে থাকবে। এটাতো তাদের জন্য বিরক্তিকর।

হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোন যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights