দুই গ্যালাক্সির মিলনের ছবি প্রকাশ করল নাসা
অনলাইন ডেস্ক
নাসা সম্প্রতি হাবল স্পেস টেলিস্কোপের একটি নতুন ছবি প্রকাশ করেছে। ছবিতে বিশাল এক গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথের জোট দেখা গেছে। এই ছবি মহাবিশ্বের গঠন এবং ‘ডার্ক ম্যাটার’ বা অদৃশ্য বস্তুর রহস্য বুঝতে বিজ্ঞানীদের খুব সাহায্য করবে।
এই গ্যালাক্সি ক্লাস্টারের নাম ‘CL0016+1609’ বা ‘MACS J0018.5+1626’। এক্স-রে এবং রেডিও তরঙ্গে এটি বেশ উজ্জ্বল দেখায়। এটি নিয়ে বিজ্ঞানীরা অনেক বেশি গবেষণা করেছেন। এক্স-রে পর্যবেক্ষণে দেখা গেছে, এখানে মূলত দুটি গ্যালাক্সি ক্লাস্টার একসঙ্গে মিশে যাচ্ছে।
ডার্ক ম্যাটার ঠিক কীভাবে ছড়িয়ে আছে, তা নিখুঁতভাবে মাপতে গবেষকরা হাবল টেলিস্কোপের উন্নত ক্যামেরা ব্যবহার করেছেন। হাবল সরাসরি ডার্ক ম্যাটার দেখতে পারে না। তবে ডার্ক ম্যাটারের আকর্ষণে সাধারণ বস্তুর আলো যেভাবে বেঁকে যায়, তা টেলিস্কোপটি ধরতে পারে। এর ফলে গ্যালাক্সির মিলন ও মহাবিশ্বের গঠন বোঝা বিজ্ঞানীদের জন্য সহজ হয়।
এই ছবিতে হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩’-এর তোলা তথ্যও যোগ করা হয়েছে। এটি মূলত ‘রেলিকস’ (RELICS) নামের একটি বিশেষ প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রামের মাধ্যমে ৪৬টি বিশাল গ্যালাক্সি ক্লাস্টারের ছবি তোলা হয়েছে। এই ক্লাস্টারগুলোর মাধ্যাকর্ষণ ব্যবহার করে বিজ্ঞানীরা অনেক দূরের প্রায় ৩০০টি গ্যালাক্সি খুঁজে পেয়েছেন।
