দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে বুধবার দুপুরে প্রকাশ্যে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।
দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, পুলিশের মূল লক্ষ্যই হলো অপরাধমুক্ত সমাজ গড়া এবং জনগণকে ভালো রাখা। কোনো অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসতে চায়, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।
তিনি বলেন, অতীতেও যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছেন, তাদের সরকারিভাবে ভ্যান বা রিকশা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে। জাহিদুলের মতো যারা সুস্থ জীবনে ফিরতে চান, রাষ্ট্র ও পুলিশ তাদের প্রয়োজনীয় সহায়তা করবে।
