দুর্নীতিবিরোধী আইনের ধারা ভঙ্গ, দুই বছর নিষিদ্ধ আফ্রিদি

অনলাইন ডেস্ক

পিসিবির দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভঙ্গের দায়ে বড় শাস্তি পেয়েছেন আসিফ আফ্রিদি। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি এই স্পিনারকে। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তির কথা মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরের ২২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ওইদিন থেকেই কার্যকর হবে দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ।

২০২২ সালের পাকিস্তান কাপে আসিফের অপরাধের ঘটনাগুলি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেবার টুর্নামেন্টের রানার্সআপ হওয়া খাইবার পাখতুনখাওয়ার হয়ে খেলেছিলেন তিনি। তার অপরাধের সুনির্দিষ্ট ধরন যদিও প্রকাশ করা হয়নি। আজীবন নিষেধাজ্ঞার মতো শাস্তিও হতে পারত। তবে পিসিবি বলেছে, এক্ষেত্রে আসিফের অপরাধ স্বীকার, অনুশোচনার মাত্রা ও অতীত রেকর্ড বিবেচনা করা হয়েছে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি আসিফের। গত বছর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছিল তাকে। পিএসএলে তিনি খেলেছেন মুলতান সুলতান্সের হয়ে। গত বছরের অগাস্টে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার পর আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights