দুর্বল হচ্ছে নিম্নচাপটি, উত্তাল বঙ্গোপসাগর

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনো কাটেনি এর রেশ। জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অধিকাংশ যায়গায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া জোয়ারের তাণ্ডব চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সৈকতের আশপাশের মার্কেটগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করে আতঙ্ক।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরদ্বীপ ও খেপুপাড়ার (পটুয়াখালীর কলাপাড়া) মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights