দৃষ্টি হারাতে বসছেন রাবির তিন শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ছোঁড়া বুলেটের আঘাতে চোখের দৃষ্টি হারাতে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থী। দেশীয় চিকিৎসায় পুরোপুরি সুস্থ না হওয়ায় বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

শুক্রবার দুপুরে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম, মার্কেটিং বিভাগের আলিমুল ইসলাম এবং আইন বিভাগের আল আমিন।
আল আমিন জানান, ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চোখের অবস্থা দেখেছেন। তবে আঘাত তীব্র হওয়ায় চোখের অবস্থা খুবই খারাপ। সবারই একই অবস্থা। ফলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বর্তমানে চোখের অবস্থা জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, বুলেটের আঘাতে ওই চোখে ছানি পড়েছে। ওই চোখে কিছুই দেখছি না। অন্যদেরও একই অবস্থা। আঘাত পাওয়া চোখে কেউ তেমন দেখতে পাচ্ছে না। ড্রোপ ও ওষুধ দিয়ে আপাতত চলছি।

জানা গেছে, গত ২২ মার্চ ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে এই তিন শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে। তারা এখন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও তারা কথা বলেছেন। ফলে অর্থনৈতিকভাবে তাদের একটা সহায়তার কথা জানা গেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ সম্মিলিতভাবে আহত এই তিন শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করবে। পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন হলেই তাদের চেন্নাইয়ে পাঠানো হবে। সেখানে শঙ্কর নেত্রালয়ে তাদের চোখের চিকিৎসা হবে।

এরআগে, গত ১১ মার্চ রাতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। ফলে চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন প্রায় ২০ জন শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির তদন্ত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights