দেড় শতাধিক মানুষকে জিম্মি করেছে হামাস, স্বীকার করলো ইসরায়েল
অনলাইন ডেস্ক
ইসরায়েল থেকে ১৫০ জনেরও মানুষকে জিম্মি করে গাজা নিয়ে গেছে হামাস।
সোমবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি গিলাদ এরদান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদান বলেন, “আমাদের কাছে থাকা তথ্য অনুসারে, ১৫০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক বর্তমানে হামাসের হাতে জিম্মি অবস্থায় রয়েছে। এটি একটি অভূতপূর্ব সংকট।”
তিনি বলেন, “আমরা আশা করছি, এই জিম্মিরা কেমন আছেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবহার করা হচ্ছে কিনা—রেডক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ ব্যাপারে মনোযোগী হবে; কিন্তু হামাস যদি মনে করে যে, আমরা পিছু হটবো— তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ইসরায়েল এবং তার নাগরিকদের ভবিষ্যৎকে নিরাপদ করার এই লড়াইয়ে আমরা পিছপা হবো না।”
উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। সূত্র: সিএনএন
