দেশকে শুন্যঝুঁড়ি বানিয়ে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে বাংলাদেশকে শুন্যঝুঁড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই।

শনিবার সকাল ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ও অসহায় রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বলেন, আওয়ামী জমানায় দলের নেতাকর্মী ও ফ্যাসিস্ট হাসিনার আত্মীয়-স্বজনদের লুটপাটের সুযোগ দেওয়ার জন্য দেশে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হতো। আর সেই প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা বিদেশে পাচার করেছে। দেশের বাইরে বাড়ি-গাড়ি-ব্যাংক ব্যালেন্স করেছে। এখন আর এসব চলবে না। সরকারি টাকা যে মেরে খাবে, তাকে জেলে পাঠানো হবে।

দুলু বলেন, নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না। নাটোরে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শিক্ষিত বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ ও দেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

আওয়ামী লীগের আমলে দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন ও জমিজমা দখলের মতো ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরও বলেন, বিএনপি সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তার সঙ্গে যত্নে রেখেছে। তারপরও ভারতে বসে থাকা হাসিনার দোসরেরা মিথ্যা প্রচার করছে। দেশের মানুষ সব সময় আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়ে অবগত আছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন ও নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights