দেশবাসীকে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

শনিবার বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ দফা দাবিতে’ সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৪ সালের নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আর ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে। এই দাবি শুধু বিএনপির একার নয়, এটি জনগণের দাবি।’
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির সভাপতিতে এবং মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও জেলার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights