দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকের দিন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি।’

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা দিয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। আজকের দিনটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, আজ সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৮০ দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি কাজ আমরা করতে পারিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা পেতে অপেক্ষায় রয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অর্থসংকট, আবেদন নিষ্পত্তিতে জটিলতা ও প্রযুক্তিগত সমস্যার কারণে দুই ট্রাস্টে বিপুলসংখ্যক আবেদন জমে আছে। শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৬ শতাংশ চাঁদা থেকে অবসর সুবিধা এবং ৪ শতাংশ চাঁদা থেকে কল্যাণ ভাতার অর্থ জোগান দেওয়া হয়। তবে নিয়মিত আয়ের তুলনায় আবেদন ও অর্থের চাহিদা বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ খাতে অর্থসংকট তৈরি হয়েছে। তবে এবার সরকার বিশেষ থোক বরাদ্দ দিয়ে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights