দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। তাই আমাদের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও উন্নয়নে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্তো করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তীর পথ পরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরও সু-সংহত হবে। আমরা সব সময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের সাথে থাকতে চাই, তাদের আর্থিক অবস্থানকে সু-সংহত করতে চাই।

নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলী অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ ও স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

এসময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নিবার্হী অফিসার আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুলু নাটোরের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সময়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights