দেশের প্রতি আত্মত্যাগ খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে: মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশের প্রতি আত্মত্যাগ খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বরং দেশপ্রেম, জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বোপরি দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি চেয়েছেন, বাংলাদেশের মানুষ যেন একজন নাগরিক হিসেবে গর্ববোধ করতে পারে। এই আত্মত্যাগের কারণেই তিনি শুধু দেশনেত্রী নন, বরং বিশ্বনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

মুশফিকুর রহমান বলেন, দেশের মাটিতে একমাত্র বেগম খালেদা জিয়ার জন্যই ঘরে ঘরে মানুষ দোয়া করেছে। এমনকি বিদেশেও মানুষ তার জন্য দোয়া করেছে। এটি কোনো সাধারণ নেত্রীর জন্য সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সব সময় বলতেন, কারও সঙ্গে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় এবং কোনো অন্যায় যেন না হয়। বিএনপি ক্ষমতায় এলে সবাইকে বাংলাদেশের মানুষ হিসেবে দেখা হবে। কোনো ভেদাভেদ থাকবে না, কোনো মামলা বাণিজ্য হবে না। কসবা আখাউড়া তথা পুরো বাংলাদেশ একটি স্বর্ণযুগে প্রবেশ করবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপি সদস্য বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহবিন রহমান মুনিয়া, জামাতা মোহাম্মদ আশফাক হোসেন, নাতি আকিব জামিল রহমান, আফিফ জামিল রহমান, বিএনপি নেতা হানিফ খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, ছাত্রদল নেতা রাজু আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights