দেশের বাইরে টাইগারদের ১০ জয়
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ টেস্ট খেলছে ২০০০ সাল থেকে। ২৬ বছরে এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৬০টি। জয় ২৮টি। ১০ জয় আবার দেশের বাইরে। এবারই প্রথম ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশটির মাটিতে টেস্ট জিতেছে। ২৩ বছর আগে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছির বাংলাদেশ। ২০০৩ সালের সফরে ডারউইন ও কেয়ার্নসে টেস্ট খেলে হেরেছিল ইনিংস ব্যবধানে। গতকাল চারদিনেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ উইকেটের পাহাড়সমান ব্যবধানে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক জয়টি বাংলাদেশের ১০ নম্বর জয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দৃষ্টিতে টেস্ট-ওয়ানডে-টি-২০ ফরম্যাটে এটা বাংলাদেশের সেরা জয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ জয় : ২০০৯ সালে দেশের বাইরে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে ৯৫ রানের জয়টিই বাংলাদেশের প্রথম জয়। ওই একই সিরিজে সেন্ট জর্জেসে বাংলাদেশ জিতেছিল ৪ উইকেটে। সেবারই প্রথম দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে টাইগাররা। ক্যারিবীয়দের মাটিতে বাংলাদেশ আরও একবার টেস্ট জিতেছে। ২০২৪ কিংস্টনে ১০১ রানে জিতেছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ২ জয় : ২০১৩ সালে হারারে টেস্টে জিম্বাবুয়ের মাটিতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচটি টাইগাররা জিতেছিল ১৪৩ রানে। ২০২১ সালে দ্বিতীয়বার টেস্ট জয় পায় হারারেতে। হারারেতে বাংলাদেশ জয় পায় ২২০ রানের বিশাল ব্যবধানে। বিদেশের মাটিতে টাইগারদের এটাই সবচেয়ে বড় জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ১ জয় : ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নিজেদের ১০০তম টেস্ট খেলেছিল। পি সারা ওভাল মাঠে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৪ উইকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ জয় : ২০২২ সালে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল মাউন্ট মঙ্গানুই টেস্টে। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো সংস্করণে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়।
পাকিস্তানের বিপক্ষে ২ জয় : ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে এবং রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয়টি জিতেছিল ৬ উইকেটে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ জয় : ২০২৬ সালে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্টটি জিতেছে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, তানজিদ তামিমের সেঞ্চুরি, নাজুমুলের অধিনায়কোচিত ব্যাটিংয়ে জয় পায়।
