দেশের বাইরে নারী ক্রিকেট দলের ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। তবে একদিন আগেই দেশের নারী ক্রিকেট দলের সদস্যদের ঈদ শুরু হয়েছে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন স্কটল্যান্ডে অবস্থান করছেন। সিরিজ শেষেই বিশ্বকাপে যোগ দিবেন ক্রিকেটাররা।
আজ বুধবার দেশটিতে ঈদ উদযাপিত হচ্ছে। সেখানে ঈদুল আজহা উদযাপন করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
দলের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা সতীর্থ ও কোচদের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজেও একটি ছবি শেয়ার করা হয়েছে। এডিনবরা সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ছিল আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত পরিবেশ। সবাই একসঙ্গে হাসিখুশি মুখে ছবিও তুলেছেন।
এর আগে, রবিবার দিবাগত রাতে প্রথম ধাপে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে দলের একটি অংশ। পরে পরবর্তী ধাপে আরও খেলোয়াড় যোগ দেন স্কটল্যান্ডে চলমান ক্যাম্পে।
আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
