‘দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর’

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের পথে দেশে নতুন নতুন ষড়যন্ত্র চলছে। এখন বিভক্তির সময় নয়, এখন দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে।

সোমবার বিকালে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, আধুনিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জামায়াত সাহাবায়ে কেরামদের মতোই দেশ পরিচালনা করতে চায়। জামায়াতের নির্বাচন অন্যান্য দলের মতো হয় না। কোনো প্রকার প্রচার-প্রচারণা, মারামারি-কাটাকাটি, মিছিল-শ্লোগান কিছুই থাকে না জামায়াতের নির্বাচনে। তাই জামায়াত থেকে অনেক কিছুই শেখার আছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রদান করা হচ্ছে।
পরে জেলার মজলিশে শুরা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোট পরিচালনা করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দীন।

প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য নব-নির্বাচিত দিনাজপুর জেলা আমির প্রিন্সিপাল আনিছুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দীন।

শপথ গ্রহণের পর নব-নির্বাচিত জেলা আমির প্রিন্সিপাল আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দীন মোল্লা, জেলা জামায়াতের সাবেক আমির মো. আনোয়ারুল ইসলাম, নীলফামারী জেলা জামায়াতের সদ্য বিদায়ী জেলা আমির আব্দুর রশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা (দক্ষিণ) শাখার সাবেক নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights