দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে চারটি পিস্তুল, ৯টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তের গোপালপুর নামক স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি চক্র সীমান্ত দিয়ে অস্ত্র আনার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তারা দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের বহন করা একটি ব্যাগ মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ব্যাগটি তল্লাশি করে চারটি পিস্তুল, ৯টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এসব অস্ত্র ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights