দেশে ফিরেছেন ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা পাওয়া নারীসহ দুই বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা পাওয়া নারীসহ দুই বাংলাদেশি নাগরিক আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।

সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। এসময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সাথী আক্তার ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির মাসুদ মাহাদী।
মাসুদ মাহাদী জানান, এক বছর আগে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে নিজের অজান্তেই সীমানা অতিক্রম করে ঘোরাঘুরি করার সময় ভারতীয় বাহিনীর হাতে আটক হন। পরে আদালত তাকে একমাসের সাজা দেয়। সাজা শেষে তিনি হোমে ছিলেন এক বছর।

এছাড়া সাথী আক্তারও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে সাজা ও হোম মিলিয়ে দুই বছর ছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনও কথা বলতে চাননি।

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে বলেন, দু’জন বাংলাদেশিকে নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। তারা পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। সেখানে তারা সাজা খাটে। সাজা শেষে ডিটেনশন সেন্টারে ছিলেন। পরে দুই দেশের প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হল।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ৪২ বিএসএফ কোম্পানি কমান্ডার প্রশান্ত কুমার, ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খাইরুল আলম, আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহআলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights