দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে ১০ শতাংশ পার
অনলাইন ডেস্ক
অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও, এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। তবে বাজারে শীতকালীন আগাম সবজি আসায় খাদ্য মূল্যস্ফীতির হার কমে ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ বা সার্বিক মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবরের (৮ দশমিক ১৭ শতাংশ) তুলনায় মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।
খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতের চিত্র:
বিবিএসের তথ্য অনুযায়ী, শীতকালীন আগাম সবজি বাজারে আসার কারণে অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এটি ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি। এর আগে ২০২২ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ, যা ২০২৩ সালের মে মাসের রেকর্ড ৯ দশমিক ৯৬ শতাংশের কাছাকাছি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ বলেন, অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমা একটি ইতিবাচক লক্ষণ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখনো বেশি থাকায় এখনই স্বস্তিতে থাকার সুযোগ নেই। শীতকালীন আগাম সবজির উৎপাদন বাজারে আসতে শুরু করায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং কাঁচামাল আমদানিতে ধীরগতির কারণে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির চাপ বাড়ছে।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরে জ্বালানির দাম বাড়ানোর প্রভাব পরিবহনসহ বিভিন্ন উৎপাদন ব্যয়ের ওপর পড়েছে, যা খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানি কমে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।
গ্রাম ও শহরের চিত্র:
গ্রামীণ এলাকা: গ্রামে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। (২০২৫ সালের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ)। গ্রামীণ পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হলেও (সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ), খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ডাবল ডিজিট বা ১০ শতাংশ ছাড়িয়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে (সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ)।
শহরাঞ্চল: শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। এখানে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হলেও (সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ), খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ২৫ শতাংশ হয়েছে (সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ)।
মজুরি বৃদ্ধির হার কমেছে:
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ এবং গত বছরের একই মাসে ছিল ৮ দশমিক ০১ শতাংশ। এর ফলে টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে।
অক্টোবর মাসে দেশের তিনটি বৃহৎ খাত—কৃষি, শিল্প ও সেবা—সবখানেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ (সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ), শিল্প খাতে ৭ দশমিক ৬২ শতাংশ (সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ) এবং সেবা খাতে ৭ দশমিক ৯৬ শতাংশ (সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ০৭ শতাংশ)।
