দেশ ও জাতির জন্য সঠিক ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

অনলাইন ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশ ও জাতির জন্য সঠিক ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা সত্ত্ব নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নকশা প্রণয়ন করে, যা ভূমির মালিকানা সত্ত্ব নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল ভূমি রেকর্ড ভূমিবিষয়ক সব তথ্য কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হয়।

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কনফারেন্স হলে ‘জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসারদের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে’ উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ আহমেদ এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র বির্নিমানের লক্ষ্য অর্জনের জন্য ভূমি রেকর্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হয়েছে। ভূমি জরিপে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে খতিয়ান মুদ্রণ, নকশা মুদ্রণ ও নকশা প্রস্তুতকরণ চলছে। ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করবে বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে জোনাল সেটেলমেন্ট অফিসাররা ভূমিবিষয়ক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সরকারের ভূমিবিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূম সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কোরিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরীসহ পরিকল্পনা মন্ত্রণালয়, ইআরডি ও এনবিআরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights