দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘নিউ ক্লাসিক’ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে দাবি করেন মালিক। শনিবার রাত ১টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী বাসটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসটির মালিক এস এম সুলতান আহম্মেদ বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় বাসের সুপারভাইজার সিরাজ ফোন করে জানান, আমাদের বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমি গোয়ালন্দে থাকা কয়েকজন আত্মীয়কে ঘটনাস্থলে পাঠাই। আগুনে আমার বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আমি দৌলতদিয়ার পথে রয়েছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।’

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তবে এখন পর্যন্ত বাসটির মালিক থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights