দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা-পুলিশের একটি দল ভাগজত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সৈকতকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরের মধ্যে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights