দ্বন্দ্ব ভুলে এক রাবি ছাত্রলীগ, ক্যাম্পাসে নতুন নেতাদের বরণ

রাবি প্রতিনিধি

নানা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে বরণ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্টের সামনে তাদের বরণ করেন নেতাকর্মীরা।

মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকদিন ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমরা এক হয়ে শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও গতিশীল করতে চাই।

আসাদুল্লা-হিল-গালিব বলেন, আমরা সবাই ভাই। আমরা এক। আজ থেকে এ শাখার নতুন যাত্রা শুরু। এ ক্যাম্পাসের শাখা ছাত্রলীগের বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ সিট বাণিজ্য। আজ থেকে এ অভিযোগের কবর রচনা হলো। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি এ অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সে থাকবে না হয় আমি। আমরা ক্যাম্পাসে সুশৃঙ্খল ছাত্রলীগ গঠন হরতে চাই।
এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দসহ শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে কমিটি বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত শাখা ছাত্রলীগের একাংশ। গত ২২ অক্টোবর থেকে নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করছেন তারা। তাদের দাবি, বিতর্কিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা। এ দাবিতে ক্যাম্পাসে শোডাউন ও বেশকিছু বিস্ফোরণের ঘটনা ঘটান এবং নতুন নেতাদের ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার ঘোষণা দেন তারা। এ পরিস্থিতির অবসান ঘটাতে আজ সন্ধ্যায় উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আলোচনা শেষে উভয়পক্ষ দ্বন্দ্ব ভুলে এক হন।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দীর্ঘ সাত বছর পর এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তাফিজুর রহমান বাবু সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিব সাধারণ সম্পাদক করে ৩৯ জনকে পদ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights