দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই দাবি জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। ইতিমধ্যেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে আছে। দেশের মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, শিশুখাদ্য কিনতে পারছে না। এমনকি, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং ওষুধ কিনতে পারছে না সাধারণ মানুষ। এমন বাস্তবতায়, পবিত্র মাহে রমজান আমাদের সামনে। তাই, রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা অনেক আগে থেকেই সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। মাহে রমজান ও পবিত্র ঈদের আগেই ভর্তুকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights