ধর্ম পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিলেন কার্লোস, জানালেন বিয়ের আসল ঘটনা

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। সম্প্রতি মরোক্কান ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে ইসলামিক রীতিতে বিয়ের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে এই জল্পনার সৃষ্টি হয়। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফটব্যাক স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নিজের ধর্ম পরিবর্তন করেননি, বরং স্ত্রীর ধর্ম ও পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে সম্মান জানাতেই বিশেষ সেই বিয়ের আয়োজন করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত হয় কয়েক সপ্তাহ আগে, যখন ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে কার্লোসের সাক্ষাতের খবর ও কাজী সংবলিত একটি বিয়ের ছবি অনলাইনে ভাইরাল হয়। ছবিগুলো দেখে ভক্তদের মধ্যে ধারণা তৈরি হয় যে, স্ত্রীর অনুগামী হয়ে কার্লোস হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে অবশেষে মুখ খোলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

সৌদি আরবের জেদ্দাভিত্তিক দৈনিক পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন কার্লোস। তিনি জানান, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং স্ত্রীর নামাজ পড়ার দৃশ্য তাঁকে মুগ্ধ করে। তবে তিনি নিজে ক্যাথলিক ধর্মেই রয়েছেন। বিয়ের বৈচিত্র্যময় আয়োজন সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, তার পরিবার ক্যাথলিক বিশ্বাসের অনুসারী হওয়ায় সেই ঐতিহ্য বজায় রাখা হয়েছিল। পাশাপাশি মরোক্কান স্ত্রীর মুসলিম ঐতিহ্য ও বন্ধুদের প্রতি সম্মান জানিয়ে ইসলামিক রীতিতেও একটি আলাদা পর্ব রাখা হয়। এই দ্বৈত রীতির আয়োজন থেকেই ভক্তদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

সোহাইলা তাহিরির সঙ্গে সম্পর্কের পেছনের গল্পও শেয়ার করেছেন কার্লোস। ফুটবল সম্পর্কিত এক ব্যবসায়িক বৈঠকে তাঁদের প্রথম দেখা হয়। সফল ব্যবসায়ী সোহাইলার সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি আনুষ্ঠানিকভাবে ৫৩ বছর বয়সী এই তারকা লেফটব্যাকের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরোর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে, যে সংসারে তার তিন সন্তান রয়েছে। এরপর ২০০৯ সালে মারিয়ানা লুকনকে বিয়ে করেন তিনি। দীর্ঘ ১৫ বছরের সেই সংসারের অবসান ঘটে ২০২৫ সালের শুরুর দিকে। সব মিলিয়ে সাতজন নারীর গর্ভে রবার্তো কার্লোসের ১১ জন সন্তান রয়েছে এবং ২০১৭ সালে তিনি নানাও হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights