ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার : ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা কেউ এ দেশের সংখ্যালঘু নই, বরং প্রত্যেকেই এ রাষ্ট্রের সমান অংশীদার।

রবিবার (২১ মার্চ) দুপুরে গারো কনভেনশন উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, হীনম্মন্যতা পরিহার করে নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং সংবিধানপ্রদত্ত অধিকার ভোগে আত্মবিশ্বাসী হতে হবে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান- কোনো আন্দোলনেই কেউ সংখ্যালঘু হিসেবে অংশ নেয়নি; সবার সম্মিলিত অংশগ্রহণেই বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠেছে।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং ও খ্রিস্টানসহ সব সম্প্রদায় মিলেমিশে বসবাস করছে।

আদিবাসীদের ভূমি সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে স্থানীয় কমিউনিটি লিডারদের সঙ্গে আলোচনা করে সমাধান খোঁজা হবে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নৃত্য ও ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং গারো সম্প্রদায়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরে কেক কাটা ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পা. সুলেখা স্রং। প্রধান বক্তা ছিলেন নম্রতা হাউই। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights