ধর্ষণ-হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কুমিল্লার মুরাদনগর, বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এবং এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডে ‘সামাজিক প্রতিরোধ কমিটি, বরিশাল’ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ শাহ সাজেদা, শাহ আজিজুর রহমান খোকনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় জড়িতদের যথাযথভাবে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হচ্ছে না। তারা এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
