ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভবানীপুরে পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবক রিপন হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আতাইকুলা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, গত ১২ জুলাই সকালে ভবানীপুরে এলাকার রিপন হোসেন কাজের উদ্দেশে বাড়ি থেকে বেড় হয়। একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে হৃদয়দের (২১) বাড়ির সামনে দিয়ে যাবার সময় পূর্ব বিরোধের জেরধরে হৃদয় রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা রিপনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ জুলাই) ভোর তার মৃত্যু হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রিপনকে কুপিয়ে জখম করার ঘটনায় ঘটনার পরদিনই রিপনের পিতা বাদী হয়ে হৃদয়কে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলা এখন হত্যা মামলা হিসাবে পরিবর্তিত করা হবে।
