ধীরগতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। তবে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে।’ শুক্রবার বিকেলে পীরগাছা কল্যানী ইউনিয়নের ‘অপু মুনশি ক্যান্সার হাসপাতাল’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতীয় পিঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পিঁয়াজের পারমিট দেয়া হয়েছে। এটি অবশ্য কৃষিমন্ত্রণালয় দেখে। ভারতীয় পিঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পিঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে।

তিনি আরও বলেন, ঈদকে ঘিরে আদাসহ দু-একটি মশলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে। মশলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধুরা দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, আমরা সেদিকে খেয়াল রাখছি।
আমরা টিসিবি’র মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সাথে ৫ কেজি করে চাল দিব। এতে করে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবেন বলেও জানান টিপু মুনশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights