নওগাঁয় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আহত চালক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পাথরবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এমন সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এতে পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান এবং চালক গুরুতর আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম-পরিচয় এখনও জানা যায়নি; শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights