নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত

বাবুল আখতার রানা, নওগাঁ
১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন, বিনা বাধায় নওগাঁয় প্রবেশ করবেন। কিন্তু ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক আত্মসমর্পণের পরেও পাকিস্তানি বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে পড়লেন তারা। বিজয়ের পরদিনেও রক্তক্ষয়ী যুদ্ধ হয় নওগাঁয়। অবশেষে ১৮ ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা। বিজয়ের দুই দিন পর নওগাঁ হানাদারমুক্ত হওয়ায় দিনটি নওগাঁবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে আছে। এ দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁ হানাদারমুক্ত দিবস পালন করেছে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ।
দিবসটি উপলক্ষে একুশে পরিষদের আয়োজনে বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্ত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্ধার জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের সরিষাহাটির মোড়, বাটার মোড় ও ব্রিজের মোড় হয়ে শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, একুশে পরিষদের উপদেষ্টা কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights