নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই দলটির শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তার চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়।

সোমবার অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করেন রোমেরো। এরপর আর খেলা চালিয়ে যেতে না পেরে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, ‘রোমেরোর চোটের প্রকৃত অবস্থা এখনও জানা যায়নি। চোটের গভীরতা এখনো বুঝতে পারিনি। এটি এমন একটি সমস্যা, যা আগে থেকেই ছিল। আগামীকাল বা পরশুর মধ্যে পরীক্ষা করা হবে। আশা করি বড় কিছু নয়।’

স্কালোনি আরও বলেন, ‘রোমেরো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে কেউ না থাকলে অন্যরা দায়িত্ব নিতে প্রস্তুত। তারপরও পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তির বিষয়।’

জানা গেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই চোটের কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষেও একই হাঁটুতে আবার অস্বস্তি অনুভব করেন বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করবেন তিনি।

এদিকে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার করা পাঁচ গোলেই আগেভাগেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোমেরোর চোট দলটির রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights