নকআউটে ব্রাজিলকে পেল জাপান, নেদারল্যান্ডসের সামনে মরক্কো

অনলাইন ডেস্ক

ডালাসে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার দেশ জাপান। ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।

দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করল জাপান, শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে কানসাস সিটিতে তিউনিসিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডস। দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাচ্ছে ডাচরা। নকআউটে মরক্কোর মুখোমুখি হবে তারা।

ম্যাচের ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিসিয়ার এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলটি করেন। তার একটু পরেই ৭ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান ব্রোবি। ম্যাচের ৫৪ মিনিটে কর্ণার কিক থেকে আসা বলে মাথা লাগিয়ে একটি গোল শোধ করেন তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি। এরপরে তিজানি রেইন্ডার্সের পাস থেকে ৬২ মিনিটে ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান পল হেকার।

‘এফ’ গ্রুপের আরেক দল সুইডেন ১ জয়, ১ ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights