নগরবাসীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ চলছে : ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দিনরাত কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রবিবার বিকেলে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেন জনগণ কিছুটা স্বস্তিতে থাকতে পারে। আমরা মাঠপর্যায়ে কাজ করছি এবং কাজের ফলাফল দৃশ্যমান করতে বদ্ধপরিকর।’
মশক নিধন কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ডিএনসিসির অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে পরিকল্পিতভাবে কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত নজরদারি ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নগরবাসী এর সুফল দেখতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই ডিএনসিসি কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট সংস্কার, লেকসমূহের সুরক্ষা এবং বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ যে আশা ও বিশ্বাস থেকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে তারা নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : বাসস
