নজরুলকে চিনলে, তার কবিতা পড়লে আদর্শ নাগরিক হওয়া সম্ভব: বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চিনলে, তার কবিতা, গান ও গল্পসহ তার দর্শন অনুসরণ করলে দেশের আদর্শ নাগরিক হওয়া সম্ভব। কবি নজরুল ছিলেন বহু গুণের অধিকারী। তিনি একাধারে সাম্যের কবি, বিদ্রোহী কবি ও প্রেমের কবি ছিলেন।
সোমবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কবি নজরুল মাটি থেকে উঠে এসেছেন, মেহনতি মানুষের মধ্য থেকে উঠে এসেছেন। মেহনতি মানুষের ভাষা ও মেহনতি মানুষের চিন্তা প্রস্ফুটিত করেছেন তার কবিতা ও গানের মাধ্যমে। তার অনেক গুণ ছিল। তিনি সিনেমা বানিয়েছেন, সিনেমার গল্প লিখেছেন, সেই সিনেমায় গান দিয়েছেন আবার সেই গানে সুরও দিয়েছেন। এত গুণে গুণান্বিত একজন মানুষ যৌবনে যদি অসুস্থ না হতেন তবে আরও নতুন কিছু আমাদের জন্য দিয়ে যেতে পারতেন। যেটা আমাদের প্রেরণা হতো।
তিনি আরও বলেন, কবি নজরুল ইসলামকে আমাদের যেভাবে বোঝা দরকার, যেভাবে আলোচনা করা দরকার সেভাবে কোনোদিন হয়নি। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত নজরুলকে চেনা ও বোঝা। কবি নজরুল ইসলামকে অনেকসময় মনে হতো সাম্যের কবি, অনেকসময় মনে হতো বিদ্রোহী কবি, অনেকসময় মনে হতো প্রেমের কবি। বিভিন্ন সময় বিভিন্ন রকম মনে হওয়াটা একটি দর্শন। সেই দর্শনটা যদি আমরা ধরতে পারি এবং বিশ্লেষণ করতে পারি, তবে আমরা প্রত্যেকেই বাংলাদেশের যে অবস্থা আছে সেই অবস্থা থেকে
উত্তরণ হতে পারব।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
