নজিবুর ও আমিনুলের ১০ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ডেস্ক
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস এ রিমান্ড আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
রোববার (৬ অক্টোবর) রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশ গ্রেফতার করে। একইদিন বিকেলে বনানী থেকে আমিনুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একইদিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights