নজিরবিহীন ব্যর্থতার যে কারণ দেখছে ভারতীয় দল
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়কে দেখা হচ্ছিল অঘটন হিসেবে। তবে ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হারের পর বিশ্বচ্যাম্পিয়নদের ব্যর্থতাই স্পষ্ট হয়ে উঠেছে। একইসাথে ভারত যে জায়গা হারিয়েছে র্যাংকিংয়ের শীর্ষস্থানেও।
এমন নজিরবিহীন ব্যর্থতার কারণ খুঁজে বের করেছে ভারতীয় দল। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মনে করেন, বিভিন্ন ভেন্যুতে ও কন্ডিশনে খেলার কারণে তাদের মানিয়ে নিতে সমস্যা হয়েছে। যদিও এতে নিজেদেরই দায় দেখছেন।
তিনি বলেন, ‘আমরা এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে গিয়েছি এবং প্রতিবারই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, বিশেষ করে মাঠের আকার, উইকেট এবং কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। আরেকটি বিষয় হলো, তারা আমাদের সব বিভাগেই ছাপিয়ে গেছে। আমার মতে, এসব কারণ মিলেই এই ফল এসেছে।’
একইসাথে ভারতীয় দলের ফিল্ডিংও ভালো হয়নি, বিশেষ করে ইংল্যান্ড সফরে। তিনি জানান, ‘ফিল্ডিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দলের গতি ও উদ্দীপনা তৈরি করে, আমরা আয়ারল্যান্ডে যেমন ফিল্ডিং করেছি, এখানেও করেছি। তবে এই বিভাগে তারা আমাদের স্পষ্টভাবে ছাড়িয়ে গেছে। আমি মনে করি ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো দলের ছন্দ তৈরি করে।’
ভালো ফিল্ডিংয়ের জন্য সতীর্থদের ফিটনেসে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক, ‘বিশেষ করে টি-টোয়েন্টিতে আপনার ফিটনেস এমন হতে হবে যাতে আপনি সব সময় ক্ষিপ্র থাকতে পারেন। বিভিন্ন আউটফিল্ড ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও থাকতে হবে। তাই এই বিভাগে যদি আমরা সেরা হতে পারি, আর সত্যিই যদি বিশ্বের সেরা দল হওয়ার স্বপ্ন দেখি, তাহলে অবশ্যই সফল হবো।’
