নড়াইলের সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে
শুভ সরকার , নড়াইল
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শারমিন নিগার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জানুয়ারি আঞ্জুমান আরা ও খোকন সাহা হাইকোর্টের এন্টিসিপারেটরী জামিনের আবেদন করলে হাইকোর্ট দরখাস্তকারী আসামীদের ৮ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
মামলা স‚ত্রে জানা যায়, গত ৪ আগষ্ট ২০২৪ দুপুরে সদর উপজেলার সীমাখালী ও মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনা উল্লেখ করে পৃথক দু’টি মামলায় তাঁদের আসামি করা হয়।##
