নড়াইলে হাইড্রলিক্স হর্ণ ব্যবহার করায় জরিমানা

শুভ সরকার, নড়াইল

নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে অভিযানে ৩টি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে শহরের ঘোপাখোলা মোড়ে নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের জোড়াপাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮১ (১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ৩টি যানবাহনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বাস, ট্রাক, কাভার্ড ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশের নেতৃত্বে পরিবেশ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদিসহ আনসার ব্যাটেলিয়ানের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি জানান, শব্দদূষণের প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights