‌‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দুই, তিন বা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না’

জামালপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদকে দূর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

সোমবার দুপুরে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ এবং পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত ছাত্রাবাস ও এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটরিয়াম উদ্বোধন করেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights