নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঈদে মামা বাড়িতে বেড়াতে এসে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছেন। তার নাম মো. ইয়াসিন (১৭)। বুধবার বিকেলে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর ইয়াসিন কুমিল্লার চৌদ্দগ্রামের জাহাঙ্গীর মজুমদারের ছেলে।

মিরকাদিম ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজের মামী তাসলিমা বেগম জানান, কিশোর ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এলাকায় পায়ে চালিত রিকশা চালান। ঈদ উপলক্ষ্যে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের তিলারদিচর এলাকার মামা মো. শহীদুল্লাহর বাড়িতে আসে। বুধবার বিকেল ৩ টার দিকে মামা শহীদুল্লাহ ও অন্যান্য খালাতো ভাই-বোনদের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে যায় ইয়াসিন। এসময় খালাতো ভাই বিল্লালকে পানিতে তলিয়ে যেতে দেখলে এগিয়ে যায় সে। এক পর্যায়ে বিল্লাল বেঁচে আসলেও ইয়াসিন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

মিরকাদিম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদলসহ দু’টি ইউনিট নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল পৌনে ৬ টা পর্যন্ত কিশোরের খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights