নদীতে তিন ছাত্র নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন ছাত্র নিখোঁজ হয়। এদের মধ্যে রাফি নামে একজনের মরদেহ সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত ছাত্র হলো—কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের আব্দুল আলিমের ছেলে রাফি (১৫)। এখনও নিখোঁজ রয়েছে সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)। সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের দিকে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং তিনজন সাঁতরে উঠে আসে।
রাফির চাচা সিফাত জানান, সবাই গোসল করতে নেমেছিলাম। কিন্তু ওরা সাঁতার জানত না। আমি মানা করেছিলাম। তারপরেও ওরা নেমেছিল। ডুবে যাওয়ার পর নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করেছিলাম। কিন্তু উদ্ধার করতে পারিনি।
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার দিকে রাফি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, রাজশাহী থেকে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে বাকি দু’জনের মরদেহ উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করা হবে।
কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ রয়েছে।
