নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামে মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুন (বুধবার) দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “গত ১৭ জুন এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশী আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ অত্যন্ত নিন্দনীয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।” তিনি আরও বলেন, “সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি স্তরের—অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। পাশাপাশি বেসরকারি শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন এবং জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল মাওলানা আব্দুল হামিদ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক আঃ জলিল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান (ফারুক)।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষকদের যৌক্তিক দাবি ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights